
ফাইল ছবি
চলতি এপ্রিল মাসের প্রথম ১৮ দিনেই দেশে এসেছে প্রায় ১৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এ সময়ে গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১০ কোটি ৯৩ লাখ ডলার।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এপ্রিলের ১৮ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৮০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১৬৯ কোটি ৪০ লাখ ডলার। সে হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১৭ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
এর আগে গত মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারি ও জানুয়ারিতে রেমিট্যান্স আসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
এছাড়া গত ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বর মাসেও ধারাবাহিকভাবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ বজায় ছিল। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের আয় বৃদ্ধি ও বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।










































