
বায়োপিকের নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসনের ভাগ্নে জাফর জ্যাকসন
বিশ্বসংগীতের অবিসংবাদিত রাজা মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাইকেল’ বড় পর্দায় আসার আগেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ‘বোহেমিয়ান র্যাপসোডি’ খ্যাত প্রযোজক গ্রাহাম কিং পরিচালিত এই সিনেমাটি নিয়ে খোদ জ্যাকসন পরিবারের সদস্য ও ভক্তদের একাংশ প্রশ্ন তুলেছেন।
বিশেষ করে মাইকেলের জীবনের সাফল্যের গল্প প্রাধান্য পেলেও তার বিতর্কিত অধ্যায়গুলো কৌশলে এড়িয়ে যাওয়ায় এই সমালোচনার সূত্রপাত।
সিনেমাটিতে মাইকেলের শৈশব থেকে শুরু করে লন্ডনের বিখ্যাত ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’-এর সাফল্যগাথা তুলে ধরা হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসনের ভাগ্নে জাফর জ্যাকসন। তবে চলচ্চিত্রটি নিয়ে সবচেয়ে কড়া সমালোচনা করেছেন মাইকেল জ্যাকসনের নিজের মেয়ে প্যারিস জ্যাকসন। তার মতে, এই সিনেমায় ভুল ও মিথ্যা তথ্যের ছড়াছড়ি রয়েছে এবং এটি কেবল ভক্তদের একটি নির্দিষ্ট অংশকে খুশি করার জন্য তৈরি করা হয়েছে।

অভিযোগ উঠেছে যে, জ্যাকসন পরিবারের সরাসরি সম্পৃক্ততা থাকায় এই বায়োপিকে শিল্পীর জীবনের অন্ধকার দিক বা শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলো সেন্সর করা হয়েছে।
২০০ মিলিয়ন ডলার বাজেটের এই বিশাল প্রজেক্টটি আইনি জটিলতার কারণেও বেশ কয়েকবার বাধার মুখে পড়ে। বিশেষ করে অভিযোগকারীদের নাম ব্যবহার নিয়ে জটিলতায় সিনেমার এক-তৃতীয়াংশ পুনরায় শুটিং করতে হয়েছে, যার ফলে ২০২৫ সালের পরিবর্তে মুক্তি পিছিয়ে ২০২৬ সালে নির্ধারণ করা হয়েছে। তবে বিতর্ক থাকলেও পরিবেশক সংস্থা লায়ন্সগেট আশা করছে, বিশ্বব্যাপী অন্তত ৭০০ মিলিয়ন ডলার আয় করে মিউজিক্যাল বায়োপিকের ইতিহাসে নতুন রেকর্ড গড়বে এই সিনেমা।
ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বড় পর্দায় জাফর জ্যাকসনের ‘মুনওয়াকিং’ আর মাইকেলের ধ্রুপদী গানগুলো পুনরায় ফিরে পাওয়ার জন্য।












































