
ফাইল ছবি
বৈশাখের শুরুতেই দেশের আবহাওয়ায় গরম ও বৃষ্টির দ্বৈত প্রভাবে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। একদিকে বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, অন্যদিকে উজানের বৃষ্টিতে হাওরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নগরবাসী থেকে শুরু করে কৃষকরাও চাপে পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলে মঙ্গলবার তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত থাকতে পারে। তবে শনিবার থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
মঙ্গলবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল সিলেটে ১৯ ডিগ্রি।

আজ বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও বাউলাই নদীর পানি দ্রুত বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে আগামী কয়েক দিনের মধ্যে হাওরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
কৃষকদের দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। যেসব জমির ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কাটতে বলা হয়েছে।
হাওর পরিস্থিতি নিয়ে কৃষি মন্ত্রণালয়ে জরুরি সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ধান রক্ষায় সর্বোচ্চ সমন্বয় ও প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে পাশের এলাকা থেকে হার্ভেস্টার ও শ্রমিক এনে দ্রুত ধান কাটার নির্দেশও দেন তিনি।







































