
ফাইল ছবি
চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনেই দেশে ২৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১০ লাখ ডলার। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের এপ্রিল মাসের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স আসার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। পরিসংখ্যান বলছে, গত জুলাই থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৮৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ২০ দশমিক ২০ শতাংশ।

উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও প্রবাসী আয় ৩শ কোটি ডলারের ঘর ছাড়িয়েছিল। ধারাবাহিক এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় ভূমিকা রাখছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত বছরের শেষ মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ছিল সন্তোষজনক। ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ এবং নভেম্বরে ২শ ৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের উৎসাহ এবং ডলারের বাজারভিত্তিক বিনিময় হার এই প্রবাহ বৃদ্ধিতে বড় অবদান রাখছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।







































