
ছবি: সংগৃহীত
সারাদেশে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার্থীদের অনুপস্থিতি ও বহিষ্কারের সংখ্যা—উভয়ই বেড়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২৬ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির পাশাপাশি এদিন নকলের দায়ে ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১২ হাজার ৩১৬ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১২ হাজার ১৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৩৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ হাজার ৯৩৬ জন এবং রাজশাহী বোর্ডে ১ হাজার ৭৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। মাদ্রাসা বোর্ডে অনুপস্থিতির হার ছিল সবচেয়ে বেশি, যা প্রায় ৪ দশমিক ৭৯ শতাংশ।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এদিন ১৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ১০ জন, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ৬ জন এবং মাদ্রাসা বোর্ডে ৩ জন শিক্ষার্থী রয়েছেন।
এর আগে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল ২৫ হাজার ৪০৮ জন। আর বহিষ্কারের সংখ্যা ছিল মাত্র ৬ জন।
গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই লিখিত পরীক্ষা আগামী ২০ মে পর্যন্ত চলবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এক বিজ্ঞপ্তিতে এই সার্বিক তথ্য নিশ্চিত করেছেন।







































