
তনুশ্রী দত্ত
বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন। তিনি দাবি করেছেন, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর পেছনে বলিউড মাফিয়ার প্রভাব থাকতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তনুশ্রীর মতে, সুশান্ত ও জিয়া দুজনই মানসিকভাবে চরম বিপর্যস্ত ছিলেন এবং তাদের মৃত্যুকে ঘিরে এখনও রহস্য রয়ে গেছে। তিনি বলেন, বলিউডের চাকচিক্যের আড়ালে অনেক সত্য চাপা পড়ে যায়, আর এই দুই তারকার মৃত্যু সেই কঠিন বাস্তবতারই অংশ।
তিনি আরও অভিযোগ করেন, যারা বলিউডের ক্ষমতাশালী গোষ্ঠীর ইশারায় চলেন না বা নিয়ম মানতে চান না, তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়। বিশেষ করে ‘আউটসাইডার’ শিল্পীদের ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

তনুশ্রী বলেন, তিনি বিশ্বাস করেন না সুশান্ত ও জিয়া আত্মহত্যা করেছেন। তবে যদি সেটিই সত্য হয়, তাহলেও প্রশ্ন থেকে যায়—কোন পরিস্থিতি তাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। তার মতে, কেউ হঠাৎ করে আত্মহত্যার পথ বেছে নেয় না; এর পেছনে গভীর চাপ ও অন্ধকার বাস্তবতা থাকে।
অভিনেত্রীর এ মন্তব্য ঘিরে আবারও বলিউডে স্বজনপ্রীতি, ক্ষমতার রাজনীতি ও তারকাদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।










































