শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শেয়ার

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’


Rain

ফাইল ছবি

সারাদেশে চলমান তীব্র দাবদাহের মধ্যে স্বস্তির বার্তা নিয়ে ধেয়ে আসছে প্রায় পূর্ণাঙ্গ একটি শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’। বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি) জানিয়েছে, এই শক্তিশালী বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে এই বৃষ্টি বলয়টি সক্রিয় থাকবে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে পর্যন্ত বৃষ্টির তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারে। সংস্থাটি জানায়, ‘ঝুমুল’ চলাকালীন দেশের নির্দিষ্ট কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টি বলয়ে সিলেট বিভাগ সর্বাধিক সক্রিয় থাকবে; এরপর ময়মনসিংহ, রংপুর, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল বেশ সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি ধরনের সক্রিয়তা দেখা গেলেও রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বলয়টি তুলনামূলক কম সক্রিয় থাকবে।

বৃষ্টি বলয়টির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অতি বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে।

ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের ফলে সীমান্ত সংলগ্ন বাংলাদেশের নদ-নদী ও হাওরগুলোতে পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীগুলোতে পাহাড়ি ঢল আসার প্রবল সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বৃষ্টি বলয়টি পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগে অর্থাৎ ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। তীব্র গরমের পর এই বৃষ্টি বলয় জনজীবনে স্বস্তি আনলেও বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।