রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৪ এপ্রিল ২০২৬, ২:১৪ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালিতে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করল ইরান


hormuz

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি বা মাশুল মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক সাক্ষাৎকারে বলেন, নির্দিষ্ট কিছু দেশের জন্য এই বিশেষ সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে, সে বিষয়ে এখনই স্পষ্ট কিছু জানাননি তিনি।

জালালি বলেন, বর্তমানে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যেন অতিরিক্ত ব্যয় বা কোনো বাধা ছাড়াই এই কৌশলগত জলপথ ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সুবিধার আওতায় থাকা দেশগুলোর তালিকা ও শর্তাদি পর্যালোচনা করছে বলেও জানান তিনি।

উদাহরণ হিসেবে রাশিয়ার নাম উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার মতো মিত্র দেশগুলো যাতে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক ও অন্যান্য জাহাজ চলাচলে এই সুবিধা পায়, সে চেষ্টা চলছে।

বিশ্লেষকদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তেহরানের এ সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের বড় অংশের তেল বাণিজ্য এই প্রণালি দিয়ে পরিচালিত হওয়ায় হরমুজ প্রণালিতে ইরানের এমন পদক্ষেপ আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে।

তাদের মতে, মিত্র দেশগুলোর জন্য ফি মওকুফের মাধ্যমে ইরান একদিকে কূটনৈতিক অবস্থান শক্তিশালী করতে চাইছে, অন্যদিকে নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় নতুন বার্তাও দিচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই