শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৪ এপ্রিল ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
শেয়ার

১২.৫ বিলিয়ন ডলারে আফ্রিকার সবচেয়ে বড় বিমানবন্দর বানাচ্ছে ইথিওপিয়া


Ethiopia Airport

বিমানবন্দরটি ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে

আফ্রিকার ভেতরে এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করতে গেলে অনেক সময় যাত্রীদের লন্ডন, প্যারিস বা দুবাই হয়ে যেতে হয়। তবে ইথিওপিয়ায় নির্মাণাধীন একটি নতুন বিমানবন্দর এই পরিস্থিতি বদলে দিতে পারে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী জানিয়েছেন, এটি আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বড় বিমান অবকাঠামো প্রকল্প। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পূর্বে বিশফতু এলাকায় জানুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়েছে। নতুন বিমানবন্দরটির নাম বিশফতু আন্তর্জাতিক বিমানবন্দর।

বিমানবন্দরটি ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে। শুরুতে এর বছরে ৬ কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে। পরে এটি বাড়িয়ে ১১ কোটি করা হবে। এই সংখ্যাটি ২০২৫ সালের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের যাত্রী পরিবহনের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের আটলান্টা বিমানবন্দর দিয়ে ২০২৫ সালে সবচেয়ে বেশি ১০.৬ কোটি যাত্রী যাতায়াত করেছে।

এই প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি মোট খরচের ৩০ শতাংশ দেবে। ১২.৫ বিলিয়ন ডলারের বাকি প্রায় ৮ বিলিয়ন ডলার এখনও জোগাড় করা হয়নি। এ জন্য যুক্তরাষ্ট্র, চীন ও ইতালির সঙ্গে আলোচনা চলছে।

আদ্দিস আবাবা ইতিমধ্যেই আফ্রিকার বড় বিমান হাব। কিন্তু বর্তমান বোল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যাত্রী পরিবহন ক্ষমতা দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে এবং তা আর বড় করা সম্ভব নয়। নতুন বিমানবন্দরটি মূলত ট্রানজিট যাত্রীদের জন্য হবে। এর মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে।

বিমানবন্দরটি বছরে প্রায় ৩.৭৩ মিলিয়ন টন পণ্য পরিবহন করতে পারবে। বিমানবন্দরটির নকশা করছে জাহা হাদিদ আর্কিটেক্টস।