শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৪ এপ্রিল ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
শেয়ার

নারী এশিয়ান গেমস বাছাই

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়


bd-women-hockey

গোলের পর বাংলাদেশের মেয়েদের উদযাপন

এশিয়ান গেমসের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঐতিহাসিক জয়ের দেখা পেল বাংলাদেশ নারী হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে হকি মাঠে আজ শুক্রবার (২৪ এপ্রিল) শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ নারী হকি দলের প্রথম জয়ের রেকর্ড এটি। প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সাথে ড্র করার পর এই জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে উজবেকিস্তানকে চাপে রাখে বাংলাদেশ। খেলার ১১তম মিনিটে শারিকা রিমনের পেনাল্টি কর্নার থেকে নেওয়া গোলে লিড নেয় অর্পিতারা। তবে এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে সমতায় ফেরে উজবেকিস্তান। সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। ২৪তম মিনিটে কনা আক্তারের চমৎকার এক ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে ৪০তম মিনিটে ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার রিয়া। ৪৬তম মিনিটে উজবেকিস্তান পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত সুশৃঙ্খল রক্ষণভাগ দিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে অসামান্য অবদানের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন আইরিন আক্তার রিয়া।

দুই ম্যাচে একটি জয় ও একটি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে এখন সবার ওপরে বাংলাদেশ। আগামী রোববার (২৬ এপ্রিল) পুল পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় কিংবা ড্র করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি এশিয়ান গেমসে সরাসরি জায়গা করে নেবে বাংলাদেশ নারী হকি দল।