রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৬ এপ্রিল ২০২৬, ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার

মৌলভীবাজারে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি


moulivibazar

কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেছে ঘরবাড়ি। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কালবৈশাখী ঝড়ের প্রবল তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে হঠাৎ বয়ে যাওয়া এই ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েক শ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন লাইন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ের তীব্রতায় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের রতুলি ও কাঠালতলী এলাকায় বড় বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে সড়কের দুই পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় গাছ অপসারণ করলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ও দক্ষিণ শাহবাজপুর, তালিমপুর এবং বড়লেখা সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দুই শতাধিক বসতবাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওপর গাছ উপড়ে পড়ে ভবনের দেয়াল ফেটে গেছে এবং চালার টিন উড়ে গেছে। এছাড়া উপজেলার হাজার হাজার গাছপালা ভেঙে পড়ে ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি করেছে।

বিদ্যুৎ ব্যবস্থার ওপর ঝড়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি। অসংখ্য স্থানে খুঁটি ভেঙে পড়া এবং তার ছিঁড়ে যাওয়ায় পুরো উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত মেরামত কাজ চলছে এবং রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি চলতি মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া যায়।