রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ এপ্রিল ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
শেয়ার

সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্পে একনেকের না


Secretariat

সংগৃহীত ছবি

সচিবালয়ে আধুনিক ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত অনুমোদন মেলেনি।

গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নের জন্য প্রস্তাবিত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৬৪৯ কোটি ২৫ লাখ ৫১ হাজার টাকা। প্রকল্পটির লক্ষ্য ছিল সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং বাড়তে থাকা দাপ্তরিক চাহিদা পূরণে নতুন অবকাঠামো গড়ে তোলা।

প্রস্তাবে বলা হয়েছিল, সচিবালয় প্রাঙ্গণে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের স্থান সংকট দূর করা হবে। বর্তমানে বিদ্যমান ভবনগুলো ক্রমবর্ধমান ব্যবহারকারীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, চারটি বেজমেন্টসহ ২১ তলা আধুনিক ভবন নির্মাণের কথা ছিল। এতে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ, গ্যাস সংযোগ, ভূগর্ভস্থ জলাধার, সাব-স্টেশন, জেনারেটর ও উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হতো।

এ ছাড়া ভবনে ছয়টি যাত্রী লিফট, ছয়টি ফায়ার লিফট, দুটি বেড লিফট, আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং ২০টি কনফারেন্স রুম নির্মাণের পরিকল্পনাও ছিল।

পরিকল্পনা বিভাগ জানিয়েছিল, প্রকল্পটি বাস্তবায়িত হলে সচিবালয়ে অতিরিক্ত ২ লাখ ৮৭ হাজার ৬৩৬ বর্গফুট জায়গা যুক্ত হতো, যা বর্তমান চাহিদার ৪২ দশমিক ৩০ শতাংশ পূরণ করতে পারত। তবে অনুমোদন না পাওয়ায় আপাতত নতুন ভবন নির্মাণের উদ্যোগ স্থগিত থাকছে।