রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৬ এপ্রিল ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
শেয়ার

উত্তর বাড্ডায় ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার


Mahjabin-Momo

মুনিরা মাহজাবিন মিমো। সংগৃহীত ছবি

রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিভাগের এক সহযোগী অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শনিবার রাতে বাবার সঙ্গে কথা বলে নিজ কক্ষে যান মিমো। ভোরে দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলের আলামত ও পরিবারের বক্তব্যের ভিত্তিতে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, মিমোর কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও এক সহপাঠীর নাম উল্লেখ ছিল এবং ৫০ হাজার টাকার কথাও লেখা ছিল।

পুলিশ আরও জানায়, ঘটনার আগের রাতে মিমো ও ওই শিক্ষকের মধ্যে কয়েক মিনিট ফোনালাপ হয়েছিল। পরে কল হিস্ট্রি মুছে ফেলার অভিযোগে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়।

মিমোর বাবা বাড্ডা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করলে পরে ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়।

মিমোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। বিভাগটির পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।