রবিবার । মে ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৯ এপ্রিল ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
শেয়ার

বিপদের দিনে নিজের জমানো টাকাই হবে প্রধান অস্ত্র: সোহেল রানা


Sohel Rana

কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও উপলব্ধি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভবিষ্যতের নিরাপত্তা ও ব্যক্তিগত সঞ্চয়ের প্রয়োজনীয়তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক বার্তা দিয়েছেন তিনি।

সোহেল রানা তার পোস্টে উল্লেখ করেন, কর্মজীবনের শুরু থেকেই প্রত্যেকের উচিত আয়ের একটি নির্দিষ্ট অংশ নিজের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা। সময়ের আবর্তে মানুষের বয়স বাড়ে এবং জীবনের কোনো এক পর্যায়ে বার্ধক্যজনিত অসুস্থতা বা আকস্মিক সংকট আসা অস্বাভাবিক নয়। সেই কঠিন সময়ে পরিবারের সদস্যরা বা প্রিয়জনরা পাশে থাকলেও সব ধরনের প্রতিকূলতা সামাল দেওয়া বা আর্থিক সহায়তা নিশ্চিত করা সবসময় তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।

বরেণ্য এই অভিনেতার মতে, সংকটের মুহূর্তে নিজের জমানো অর্থই মানুষের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। বাস্তবতার কঠিন রূপ তুলে ধরে তিনি বলেন, “স্ত্রী, পুত্র, কন্যা আপনার জীবন বাঁচাতে সবকিছু করতে প্রস্তুত থাকবে ঠিকই কিন্তু সেদিন আপনার মূল অস্ত্র হবে আপনারই জমানো টাকা। সেই অর্থ কেবল আপনার কাজে আসবে না বরং আপনার সেবা করতে গিয়ে আপনার প্রিয়জনদেরও প্রচণ্ড রকমের ভারমুক্ত রাখবে।”

আর্থিক নিরাপত্তাকে জীবনের অপরিহার্য অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়ে সোহেল রানা আরও বলেন, সঞ্চয়ের বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটি প্রতিটি মানুষের ব্যক্তিগত দায়িত্ব। বর্তমানের সঞ্চয়ই ভবিষ্যতে মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পারে।

সোহেল রানার এই জীবনমুখী পোস্টটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার এই মূল্যবান পরামর্শকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও নেটিজেনরা।

অনেকেই মন্তব্য করেছেন যে, প্রবীণ এই অভিনেতার জীবনলব্ধ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মের সঞ্চয়ের ব্যাপারে আরও সচেতন হওয়া জরুরি।