সোমবার । মে ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩০ এপ্রিল ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

ভারতের ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা


runa-laila

ছবি: সংগৃহীত

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। আগামী ৪ থেকে ৮ মে অনুষ্ঠিতব্য ১৫তম ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর আসরে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

এই প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তটির জন্য অপেক্ষায় রইলাম। দেখা হবে সেখানে!”

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা রুনা লায়লাকে পাঠানো চিঠিতে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি উল্লেখ করেন, রুনা লায়লার সুমধুর কণ্ঠ বহু দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। তিনি এই সম্মাননা গ্রহণ করলে তা উৎসবের মর্যাদা বাড়ানোর পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্যকে আরও শক্তিশালী করবে।

ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ সংস্থা হিসেবে আয়োজিত এই উৎসবটির ১৫তম আসর বসবে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে। এবারের উৎসবের মূল লক্ষ্য নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহ প্রদান।

এবারের আয়োজনে উপমহাদেশের বহু নামী তারকা ও নির্মাতার উপস্থিত থাকার কথা রয়েছে। রুনা লায়লার পাশাপাশি উৎসবে অংশ নেবেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেভতী, শ্বেতা মেনন, ঊষা উত্থুপ, রাজপাল যাদব ও রঘুবীর যাদবের মতো গুণী ব্যক্তিত্বরা।