
বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম
মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ভিত্তি হিসেবে অভিহিত করে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এই প্রজন্মের হাত ধরে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মূলত মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি। এটি বাংলাদেশের ফাউন্ডেশন বা ভিত্তি। এ ব্যাপারে আমরা কোনো আপস করব না (আনকমপ্রোমাইজিং)।” তিনি জোর দিয়ে আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান মূলত মুক্তিযুদ্ধেরই একটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে যেভাবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার ছিল, জুলাই গণঅভ্যুত্থানেও ছাত্র-জনতা বৈষম্যের বিরুদ্ধেই রাজপথে নেমেছিল। ফলে দুই আন্দোলনের মূল সুর একই।
আন্দোলনের তুলনা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, “আমরা কেউ বলিনি জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধ থেকে বড়, কিংবা জুলাই ৯০-এর চেয়ে বড় বা ছোট। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ যেমন একটি বিশেষ ঘটনা, জুলাই-ও তেমনি একটি বিশেষ ঘটনা।”
তার এই বক্তব্য রাজনৈতিক ও সামাজিক মহলে বেশ গুরুত্ব পাচ্ছে, যেখানে তিনি দুই প্রজন্মের দুই ঐতিহাসিক লড়াইকে একই সূত্রে গেঁথেছেন।











































