
সংগৃহীত ছবি
সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে দীর্ঘদিনের আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তামিম ইকবাল। তিনি মনে করিয়ে দিয়েছেন, একই বাস্তবতায় আছেন আরও দুই সাবেক অধিনায়ক—মাশরাফি বিন মর্তুজা ও নাইমুর রহমান দুর্জয়।
মিরপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম বলেন, গত দেড়-দুই বছর ধরে কেবল একজন ক্রিকেটারকে ঘিরেই আলোচনা হচ্ছে, অথচ একই পরিস্থিতিতে থাকা অন্যদের কথা উপেক্ষিত থাকছে। এ সময় তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, প্রশ্ন করার সময় যেন তিনজনের নামই সমানভাবে আসে।
২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে দেশে ফিরতে পারছেন না সাকিব। তবে বোর্ড প্রধান স্পষ্ট করেছেন, ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে বিসিবি সবসময় সহায়তায় প্রস্তুত। তিনি বলেন, সংশ্লিষ্ট খেলোয়াড়রা নিজেদের সমস্যার সমাধান করে ফিরলে তাদের স্বাগত জানানো হবে।

তামিম আরও জানান, এ সংকট নিরসনে সরকারের উচ্চপর্যায় থেকেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও এ বিষয়ে নমনীয় অবস্থানের কথা জানিয়েছে। ফলে, সমাধানের পথ খোলা থাকলেও উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়দেরই।









































