রবিবার । মে ৩, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ৩ মে ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
শেয়ার

এপ্রিলে রেমিট্যান্স এলো ৩৮ হাজার ৩৮৪ কোটি টাকা


remittance

ফাইল ছবি

সদ্যবিদায়ী এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৩৮৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে)। রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আগের বছরের এপ্রিল মাসে প্রবাসী আয় ছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে প্রবাসী আয়ে বড় প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে রেমিট্যান্স প্রবাহ ১৯ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৪৫৩ কোটি ৭০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে চলতি বছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার, তৃতীয় সর্বোচ্চ গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার এবং চতুর্থ সর্বোচ্চ চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয় প্রেরণে প্রণোদনা, ডলারের বিনিময় ব্যবস্থার সংস্কার এবং বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং আসন্ন ঈদুল আজহাকে ঘিরে মে মাসেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।