
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৪ মে ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি কার্যকর বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান সকল প্রশাসনিক জটিলতা দূর করা জরুরি।
প্রকল্পের চূড়ান্ত অনুমোদনে দীর্ঘসূত্রতা এবং বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে বলে বৈঠকে আলোচনা করা হয়। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলোকে অবিলম্বে অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।
একইসঙ্গে তিনি বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। যারা আন্তরিকভাবে এসব কারখানায় বিনিয়োগ করতে আগ্রহী, তাদের প্রয়োজনীয় সকল সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিডা-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বিটিএমসি ও বিজেএমসির চেয়ারম্যানসহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।









































