
আরব আমিরাতের ফুজাইরাহ পেট্রোলিয়াম শিল্প অঞ্চলে একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ পেট্রোলিয়াম শিল্প অঞ্চলে একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। সোমবার (৪ মে) সন্ধ্যার দিকে ঘটা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
খবর আলজাজিরা।
দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও একটি ইরানি ড্রোন আঘাত হেনেছে ফুজাইরাহ পেট্রোলিয়াম শিল্প অঞ্চলে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো আমিরাতে হামলা ঘটনা এটি।
ফুজাইরাহ মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে বেসামরিক প্রতিরক্ষা দল মোতায়েন করা হয়েছে। ড্রোন হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পৃথকভাবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে এর মধ্যে তিনটিই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে এবং একটি সমুদ্রে পড়েছে।
এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় নাগরিকদের নিশ্চিত করেছে, ‘দেশের বিভিন্ন অংশে শোনা শব্দগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার ফল।’
এদিকে ইরানের পক্ষ থেকে হামলার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আকস্মিক হামলা শুরু করে। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি এসব তেল ও গ্যাস ক্ষেত্রসহ জ্বালানি অবকাঠামোগুলোতেও বেশ কয়েক দফা হামলা করেছে তেহরান। তবে গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর পর সব ধরনের হামলা বন্ধ রেখেছিল ইরান।









































