বুধবার । জুন ৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৬ মে ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন
শেয়ার

পশ্চিমবঙ্গে মোদির জয় প্রভাব ফেলতে পারে অভিন্ন দেওয়ানি আইন সংস্কারে


BJP-West-Bengal

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গে জয়ের মাধ্যমে ভারতের রাজনীতিতে নতুন শক্ত অবস্থান তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিশ্লেষণ বলছে, এ সাফল্যে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের প্রভাব আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে দেশের ১৭টি রাজ্যে বিজেপি বা তাদের জোটের সরকার থাকায় বড় নীতিগুলো বাস্তবায়ন সহজ হতে পারে।

বিশেষ করে অভিন্ন দেওয়ানি বিধি ও অবকাঠামো উন্নয়নের মতো দীর্ঘদিনের লক্ষ্য এগিয়ে নেওয়ার সুযোগ বাড়ছে। যদিও কেন্দ্রীয়ভাবে এই আইন পাসে সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই, তবে রাজ্য পর্যায়ে তা বাস্তবায়নের পথ খোলা রয়েছে।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক উন্নয়ন, ভর্তুকি ও সামাজিক সহায়তা কর্মসূচি এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা—এই তিন কৌশলের সমন্বয় বিজেপির সাফল্যে বড় ভূমিকা রেখেছে। এমনকি ঐতিহ্যগতভাবে বিরোধী ঘাঁটি হিসেবেও পরিচিত অঞ্চলেও দলটি প্রভাব বাড়াতে সক্ষম হয়েছে।

নির্বাচনে জয়ের জন্য পশ্চিমবঙ্গে ব্যাপক প্রচারণা চালায় বিজেপি। প্রচারে সরাসরি অংশ নেন মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি নারী ও তরুণদের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি এবং বিনামূল্যে খাদ্য রেশন কর্মসূচিও ভোটারদের আকৃষ্ট করেছে বলে ধারণা করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক রাহুল ভার্মা মনে করেন, এই জয় মোদি সরকারকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং ভবিষ্যতে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস ও একযোগে নির্বাচন আয়োজনের মতো পরিকল্পনাও এগিয়ে নিতে সহায়ক হতে পারে।

সব মিলিয়ে, সাম্প্রতিক এই সাফল্য বিজেপির জন্য ১৯৬০-এর দশকের পর সবচেয়ে বড় রাজনৈতিক আধিপত্যের ইঙ্গিত দিচ্ছে, যা দেশের পূর্বাঞ্চলেও তাদের প্রভাব বাড়াবে এবং সামগ্রিক রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।

সূত্র: রয়টার্স