
সংগৃহীত ছবি
পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, অতীতে পুলিশ বাহিনীতে যে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, তা অনেকাংশে গুছিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
শুক্রবার রাজধানীর খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। তিনি জানান, করোনা পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২০-২১ সালে পুলিশ সপ্তাহ যথাযথভাবে আয়োজন করা সম্ভব হয়নি। তবে নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ উদযাপন করা হবে।
আইজিপি বলেন, পুলিশকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার দিকনির্দেশনা দিচ্ছে। নতুন প্রজন্ম যে ধরনের আধুনিক ও জনগণমুখী পুলিশ প্রত্যাশা করে, সেই লক্ষ্যেই কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশের পোশাক পরিবর্তন ও বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে আলী হোসেন ফকির বলেন, বর্তমান সরকার আইন-শৃঙ্খলা উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে এবং পুলিশের প্রয়োজনীয় বিষয়গুলোতে আন্তরিকতা দেখাচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা আগের তুলনায় কমেছে বলেও মন্তব্য করেন তিনি।
আবাসন সংকটের কথা তুলে ধরে আইজিপি জানান, দেশে বর্তমানে প্রায় ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্য থাকলেও আবাসন সুবিধা রয়েছে মাত্র ১ লাখ ৫ হাজার সদস্যের জন্য। নতুন নিয়োগ ও অবসরের বিষয় বিবেচনায় নিয়ে সরকার আগামী অর্থবছরে এ খাতে সহায়তা বাড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি।










































