
ছবি: সংগৃহীত
রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে চমকে দেওয়ার পর এবার সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের প্রতি তাঁর এমন আন্তরিকতা ও সৌজন্যবোধ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
আজ রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নবদম্পতির গুলশানের বাসায় গিয়ে এই উপহার পৌঁছে দেন। এ সময় তিনি নবদম্পতিকে প্রধানমন্ত্রীর বিশেষ শুভেচ্ছাও পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নবদম্পতি ও তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা জানান, প্রধানমন্ত্রীর মতো একজন ব্যক্তিত্বের কাছ থেকে এমন সশরীরে উপস্থিতি এবং পরবর্তীতে উপহার পাওয়া তাঁদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে। এই সৌজন্যের জন্য তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী একটি সভা শেষে সেখানে আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, বর তখনও এসে পৌঁছাননি। প্রধানমন্ত্রী সরাসরি নববধূর কাছে যান এবং তাঁর ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। দেশের সরকার প্রধানের এমন আকস্মিক আগমনে পুরো অনুষ্ঠানস্থলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনের মাঝেও সামাজিক অনুষ্ঠানে এমন অংশগ্রহণকে সাধারণ মানুষ ও বিশ্লেষকরা ইতিবাচকভাবে দেখছেন। নবদম্পতি ও উপস্থিত অতিথিরা মনে করছেন, এটি মানুষের সঙ্গে জননেতার সরাসরি সম্পৃক্ত থাকার একটি ব্যতিক্রমী ও অনন্য দৃষ্টান্ত।










































