রবিবার । মে ১০, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১০ মে ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
শেয়ার

রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইটের দাবিতে সৌদিতে সংবাদ সম্মেলন


saudi-press-conference

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদ থেকে সিলেটে সরাসরি বিমান ফ্লাইট চালুর দাবিতে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছে ‘রিয়াদ টু সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদ’। সৌদি আরবে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের এই প্রাণের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন প্রবাসীরা।

শনিবার (৯ মে) রিয়াদের একটি অভিজাত হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক আব্দুল আজিজ মাসুক। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির সহ-যুগ্ম সচিব মিছবাহ তফাদার ও ওয়াদুদ আহমদ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সৌদি আরবে বর্তমানে কয়েক লক্ষ সিলেটবাসী প্রবাসী হিসেবে কর্মরত আছেন। রিয়াদ থেকে সরাসরি ফ্লাইট না থাকায় নাড়ির টানে বাড়ি ফেরার সময় তাঁদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। অধিকাংশ প্রবাসীকে দুবাই, দোহা কিংবা কুয়েত হয়ে কানেক্টিং ফ্লাইটে যাতায়াত করতে হয়। অনেকে আবার ঢাকা বা চট্টগ্রামে নেমে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেটে পৌঁছান। এতে সময় ও খরচ বৃদ্ধির পাশাপাশি বয়স্ক, নারী ও অসুস্থ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বক্তারা জোর দিয়ে বলেন, রিয়াদ-সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালু হলে প্রবাসীদের কষ্ট লাঘবের পাশাপাশি রাষ্ট্রীয় বিমান সংস্থার আয়ও বৃদ্ধি পাবে। তাঁরা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে এই রুটে ফ্লাইট চালুর কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও কুলাউড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা শাহাবুদ্দীন, যুগ্ম আহ্বায়ক আলীম উদ্দীন মাহমুদ, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি মাওলানা শাহেদ আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, আনজুমানে আল ইসলাহর সভাপতি ওয়ালিউর রহমান মানিক, কুলাউড়া প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বুলবুল আহমদ এবং কুলাউড়া প্রবাসী পরিষদের উপদেষ্টা আবুল কালাম ও ফারুক রশীদ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।