সোমবার । মে ১১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শেয়ার

মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা


Thaksin

কারাগারের বাইরে শত শত সমর্থক, পরিবারের সদস্য ও রাজনৈতিক সহযোগীরা তাকে স্বাগত জানান

আটমাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সোমবার ব্যাংককের ক্লং প্রেম সেন্ট্রাল প্রিজন থেকে মুক্তি পান তিনি। দুর্নীতি-সংক্রান্ত মামলায় তার এক বছরের সাজা হয়েছিল।

কারাগারের বাইরে শত শত সমর্থক, পরিবারের সদস্য ও রাজনৈতিক সহযোগীরা তাকে স্বাগত জানান। এ সময় তারা ‘উই লাভ থাকসিন’ স্লোগান দেন। সাদা শার্ট পরা ৭৬ বছর বয়সী এই ধনকুবের হাসিমুখে সমর্থকদের শুভেচ্ছা জানান, তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

থাকসিন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তিনি দীর্ঘ ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। ২০২৩ সালে দেশে ফিরে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় আট বছরের কারাদণ্ড মেনে নেন। পরে থাইল্যান্ডের রাজা সেই সাজা কমিয়ে এক বছর করেন।

কারাগারে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি অসুস্থতার কথা জানালে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর তিনি ছয় মাস হাসপাতালের ভিআইপি বিভাগে ছিলেন। পরে আদালত জানায়, তার হাসপাতালে থাকার সময় অপ্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দীর্ঘ করা হয়েছিল।

গত মাসে বিচার মন্ত্রণালয়ের একটি প্যানেল ভালো আচরণ, বয়স এবং পুনরায় অপরাধ করার ঝুঁকি কম বিবেচনায় তাকে প্যারোলে মুক্তির অনুমোদন দেয়। তবে বাকি চারমাসের সাজা শেষ না হওয়া পর্যন্ত তাকে ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর পরতে হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা গত বছর থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর আদালতের আদেশে তাকে পদচ্যুত করা হয়।

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল