সোমবার । মে ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ মে ২০২৬, ৮:২২ অপরাহ্ন
শেয়ার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৬৯


lebanon

লেবাননের একটি এলাকায় ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৬৯ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার (১১ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতের পাশাপাশি আহতের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের মোট জনসংখ্যা প্রায় ৫৮ লাখ হলেও বর্তমানে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ চরম সংকটে রয়েছে। বেঁচে থাকার জন্য এসব সাধারণ মানুষ এখন সরাসরি মানবিক সাহায্যের ওপর নির্ভর করছে। ত্রাণ সরবরাহে বিঘ্ন ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।

এর আগে গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সেই ঘোষণার পরও পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি ঘটেনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে।