মঙ্গলবার । মে ১২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট বিনোদন ১২ মে ২০২৬, ১:২২ পূর্বাহ্ন
শেয়ার

চলে গেলেন বিশিষ্ট অভিনেতা আতাউর রহমান


Ataur Rahman

বিশিষ্ট অভিনেতা মঞ্চ সারথি আতাউর রহমান

বিশিষ্ট অভিনেতা মঞ্চ সারথি আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না… রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

আতাউর রহমানের পরিবার বাংলা টেলিগ্রাফকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, গত পহেলা মে বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর প্রথমে তাকে পান্থপথের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানে একদিনের মাথায় কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল রোববার (১০ মে) তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আতাউর রহমানের জন্ম ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে। বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব ছিলেন তিনি। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একাধারে নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও লেখক আতাউর রহমান শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা পদক’ ও ‘একুশে পদক’ লাভ করেন।