মঙ্গলবার । মে ১২, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১২ মে ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
শেয়ার

আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে পর্যবেক্ষণ করে!


Netflix

নেটফ্লিক্স

জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহ ও তা বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মামলা হয়েছে। সেখানে অভিযোগে বলা হয়েছে, শিশু ও প্রাপ্তবয়স্কদের সম্মতি ছাড়াই তাদের তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে আসক্ত করে রাখার কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি।

অভিযোগে আরও বলা হয়, নেটফ্লিক্স ব্যবহারকারীদের আচরণ সম্পর্কিত বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ ও তা থেকে আয় করছে, যদিও প্রতিষ্ঠানটি অতীতে দাবি করেছিল তারা এমনটি করে না।

মামলায় গুরত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে, ‘আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে পর্যবেক্ষণ করে।’

অভিযোগ অনুযায়ী, ব্যবহারকারীরা কোন কনটেন্টে ক্লিক করছেন, কতক্ষণ দেখছেন বা কোন বিষয়ে বেশি সময় ব্যয় করছেন— এসব তথ্য নিয়মিত সংগ্রহ করেছে নেটফ্লিক্স। এছাড়া ‘অটো-প্লে’সহ বিভিন্ন ‘আসক্তিমূলক’ ফিচারের মাধ্যমে দর্শকদের দীর্ঘসময় প্ল্যাটফর্মে ধরে রাখার চেষ্টা করা হয়েছে।

মামলায় আরও দাবি করা হয়, ২০২২ সাল থেকে নেটফ্লিক্স শিশু ও পরিবারের কাছ থেকে সংগৃহীত বিপুল তথ্য বাণিজ্যিক ডাটা ব্রোকারদের সঙ্গে ভাগাভাগি শুরু করে, যা থেকে প্রতিষ্ঠানটি বিলিয়ন ডলার আয় করেছে।

তবে নেটফ্লিক্স অভিযোগ অস্বীকার করেছে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ‘এই মামলার কোনো ভিত্তি নেই এবং এটি ভুল ও বিকৃত তথ্যের ওপর দাঁড়িয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘নেটফ্লিক্স ব্যবহারকারীদের গোপনীয়তাকে গুরুত্ব দেয় এবং আমরা যেসব দেশে পরিচালিত হই, সেসব দেশের তথ্য সুরক্ষা আইন মেনে চলি।’

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ‘অটো-প্লে’ ও ‘ইনফিনিট স্ক্রল’-এর মতো ফিচার নিয়ে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এর আগে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে ‘আসক্তিমূলক ডিজাইন’ নিয়ে করা একটি মামলায় ক্যালিফোর্নিয়ার আদালতের সিদ্ধান্ত নতুন ধরনের আরও আইনি চ্যালেঞ্জের পথ খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

বিবিসি

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল