
ফাইল ছবি
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ ধরনের নিয়োগ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় দলীয়করণের সংস্কৃতিকে আরও জোরদার করবে।
শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার পথে এগোচ্ছে।
এর আগে বৃহস্পতিবার দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেয় সরকার। এসব নিয়োগের সমালোচনা করে জামায়াত বলেছে, বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র। সেখানে দলীয় বিবেচনায় প্রশাসনিক পদে নিয়োগ দিলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি হয়।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অতীতে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণের কারণে অস্থিরতা, সেশনজট ও সহিংসতা সৃষ্টি হয়েছিল। জনগণ সেই পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চায় না।
জামায়াত অবিলম্বে এসব নিয়োগ পুনর্বিবেচনা করে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে।











































