
বিয়ের দাওয়াত না পেয়ে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
‘বন্ধুত্বে কোনো লুকোচুরি চলে না’— এই চিরন্তন সত্যটি মনে করিয়ে দিতেই যেন রাজপথে নেমে এলো একদল বন্ধু। তবে কোনো রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, তাদের এই আন্দোলনের কারণটি বেশ অদ্ভুত এবং মজাদার। প্রিয় বন্ধু শাকিল শেখ তাদের না জানিয়ে ‘গোপনে’ বিয়ে করে সংসার শুরু করায়, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে রীতিমতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার বন্ধুরা।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুদের এই ব্যতিক্রমী কর্মসূচির দৃশ্য দেখতে পথচারী ও চালকদের ভিড় জমে যায়।
বিক্ষোভে অংশ নেওয়া বন্ধুদের হাতে থাকা মূল ব্যানারে লেখা ছিল— ‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’। তাদের দাবি, দীর্ঘদিনের প্রাণের বন্ধু শাকিল তাদের কাউকে কিচ্ছু না জানিয়ে চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছেন। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন ঘর-সংসার শুরু করেছেন, তখন বন্ধুরা খবরটি জানতে পারেন। আর এই ‘বিশ্বাসঘাতকতা’ কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।
মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদী বন্ধুরা বলেন, “বন্ধুত্বের সম্পর্কে কোনো লুকোচুরি থাকতে পারে না। বিয়ে করে সে বন্ধুত্বের অমর্যাদা করেছে, তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। দাওয়াত না খাইয়ে পার পাওয়া যাবে না।”
ব্যতিক্রমী এই প্রতিবাদ দেখে মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী ও পথচারীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই গাড়ি থামিয়ে এই মজার দৃশ্য উপভোগ করেন এবং মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। মুহূর্তের মধ্যেই এই ‘বিক্ষোভ’ পুরো এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।
তবে বন্ধুদের এই ‘আন্দোলন’ ও প্রতিবাদ কর্মসূচির পুরোটাই ছিল আসলে ভালোবাসার মিষ্টি অভিমান থেকে। মানববন্ধন শেষে বন্ধুরা কিন্তু তাদের প্রিয় বন্ধু শাকিল ও তার স্ত্রীর নতুন দাম্পত্য জীবনের সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও শুভকামনা জানাতে ভুলেননি।
এই আনন্দঘন মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়নাল, মিশকাত, আলামীন, আশিক, সোহেল, মামুনসহ স্থানীয় ২০১৫ ব্যাচের আরও অনেক বন্ধু-বান্ধব। পুরো ঘটনাটি এখন স্থানীয়দের ফেসবুক টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে।













































