
ফাইল ছবি
আসন্ন জুনে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। এরই মধ্যে সিরিজের সূচি ঘোষণা করার পর এবার ম্যাচগুলোর সময়সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষণা অনুযায়ী, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো দুপুর ২টা থেকে শুরু হবে।
আগামী ৬ জুন বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। পরদিন ৭ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামবে তারা। একই সময়ে মিরপুরেই নিজেদের অনুশীলন ক্যাম্প সারবে বাংলাদেশ দলও।
এরপর ৯ জুন প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ জুন এবং ১৪ জুন মাঠে গড়াবে সিরিজের শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষ করে টি-টোয়েন্টি মিশন নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে উড়াল দেবে দুই দল। কুড়ি ওভারের এই সিরিজের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।
১৭ জুন প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের লড়াই। এরপর ১৯ জুন দ্বিতীয় এবং ২১ জুন সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।











































