শনিবার । মে ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২২ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শেয়ার

আগামীকাল প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত


primary-school-teacher

ফাইল ছবি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির আগে শনিবারও খোলা থাকছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক আদেশে জানিয়েছে, আগামীকাল নিয়মিত ক্লাস ও শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।

অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অন্য দিনের মতোই পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। রোজা ও ঈদের দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট পাঠঘাটতি পূরণে আগেই ১০টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামীকাল বিদ্যালয় খোলা রাখা হচ্ছে।

তবে বিদ্যালয় খোলা থাকবে কি না, তা নিয়ে শেষ মুহূর্তে বিভ্রান্তি তৈরি হয় ‘মিড ডে মিল’ কার্যক্রমের একটি নির্দেশনাকে ঘিরে। ওই নির্দেশনায় শনিবার থেকে শিক্ষার্থীদের খাবার বিতরণ বন্ধের কথা উল্লেখ থাকায় অনেকেই ধারণা করেছিলেন, সেদিন বিদ্যালয় বন্ধ থাকবে।

দুই ধরনের নির্দেশনার কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে সমন্বয় জটিলতা দেখা দেয়। কেন্দ্রীয়ভাবে স্পষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও শিক্ষকদের নিশ্চিত কোনো তথ্য দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত অধিদপ্তরের নতুন নির্দেশনায় শনিবার বিদ্যালয় খোলা রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।