শনিবার । মে ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৩ মে ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
শেয়ার

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনিয়মের ফাইল প্রকাশের আহ্বান আসিফ মাহমুদের


Asif-Mahmud

ফাইল ছবি

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ফেসবুক লাইভে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী যে অভিযোগ তুলেছেন, সেটি স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা উচিত। তিনি সংশ্লিষ্ট ফাইল প্রকাশ করার আহ্বান জানিয়ে বলেন, কোনো অনিয়ম হয়ে থাকলে তা জানার অধিকার জনগণের রয়েছে।

তিনি আরও বলেন, সচিব অনুপস্থিত থাকলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে এবং সেটিও মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদনক্রমেই হয়। এমন পরিস্থিতিতে কোনো ফাইল অনুমোদন দেওয়া হলে সেখানে আইনের ব্যত্যয় হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন বিভিন্ন কমিটির কর্মকাণ্ড তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, টেন্ডার হওয়ার পরও কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ রয়েছে।

তিনি জানান, শিগগিরই পিরোজপুর পরিদর্শন করে বন্ধ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় আনা হবে বলে জানান প্রতিমন্ত্রী।