
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দেখা মিললেও তাপপ্রবাহে জনদুর্ভোগ এখনো কমেনি। এর মধ্যেই আসন্ন পবিত্র ঈদুল আজহার দিন দেশের পাঁচ বিভাগে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার প্রকাশিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঈদের দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আপাতত অব্যাহত থাকতে পারে।









































