মঙ্গলবার । জুন ২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২ জুন ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন
শেয়ার

দুর্নীতির অভিযোগে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি


icc

ফাইল ছবি

সহযোগী সদস্য হিসেবে দায়িত্ব পালনে গুরুতর ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগে ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে তদন্ত শুরুর মাত্র এক মাসের মাথায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই কঠোর সিদ্ধান্ত নিল। পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম জিও সুপারের বরাতে এই খবর জানা গেছে।

রোববার (৩১ মে) ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় তাৎক্ষণিকভাবে এই স্থগিতাদেশের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের ফলে কানাডার জাতীয় দলগুলোর আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, সদস্যপদ স্থগিত থাকলেও একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে ক্রিকেট কানাডাকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে খেলোয়াড়রা প্রশাসনিক সংকটের নেতিবাচক প্রভাবের শিকার না হন।

আইসিসি জানিয়েছে, সদস্যপদ ফিরে পেতে হলে ক্রিকেট কানাডাকে সুশাসন ও প্রশাসনিক সমস্যাগুলো সমাধানে নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে এবং শর্ত পূরণের অগ্রগতি পর্যবেক্ষণ করবে আইসিসির নরমালাইজেশন কমিটি।

ক্রিকেট কানাডার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার একটি ম্যাচ। বিশেষ করে নিউজিল্যান্ডের রান তাড়ার সময় কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার করা পঞ্চম ওভারটি আইসিসির তদন্তের আওতায় আসে, যেখানে তিনি একটি নো-বল ও একটি ওয়াইডসহ ১৫ রান দিয়েছিলেন। এ ছাড়া সাবেক প্রধান কোচ খুররম চোহানের ফাঁস হওয়া একটি ফোনালাপও তদন্তের অংশ, যেখানে তিনি অভিযোগ করেন যে জাতীয় দলে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার জন্য ক্রিকেট কানাডার শীর্ষ কর্মকর্তারা তাঁর ওপর অনৈতিক চাপ প্রয়োগ করেছিলেন।

বোর্ডের এই অভ্যন্তরীণ সংকট নিয়ে আরেক সাবেক প্রধান কোচ পুবুদু দাসানায়েকেও দল নির্বাচনে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে নিতে অস্বীকৃতি জানালে তাঁকে চুক্তি বাতিলের হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে অন্যায়ভাবে চাকরিচ্যুত করায় তিনি ক্রিকেট কানাডার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেন।

মূলত গত এক বছরে ক্রিকেট কানাডা একের পর এক প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে সাবেক প্রধান নির্বাহী সালমান খানের বিরুদ্ধে চুরি ও প্রতারণার অভিযোগ আনে ক্যালগেরি পুলিশ। সম্প্রতি বোর্ডের আমজাদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অরবিন্দর খোসা, যাঁর সামনে এখন আইসিসির শর্ত পূরণ করে বোর্ডের সুশাসন ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ।