
সংগৃহীত ছবি
ঢাকার মোহাম্মদপুরে সন্ত্রাস ও অপরাধ পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এলাকায় মাদক ও জুয়ার বিস্তার বেশি থাকায় অপরাধ দমনে দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি আইনের সীমাবদ্ধতার কারণে অনেক অপরাধীকে দীর্ঘ সময় কারাগারে রাখা সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আধুনিক ও সময়োপযোগী আইন প্রণয়নের মাধ্যমে এসব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
শিশু রামিসা হত্যা মামলার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আদালতের অধীন হওয়ায় এ নিয়ে মন্তব্য করতে চান না। তবে দ্রুত বিচার সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখছে।
আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় তিনি জানান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাসজনিত কারণে শ্বাসকষ্টের ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে।
যানজট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। দেশের অন্যান্য শহরেও ধাপে ধাপে স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে যানজট পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সীমান্তে পুশব্যাক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো ধরনের পুশব্যাকের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিদেশে অবস্থান করলে তা সরকারিভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










































