মঙ্গলবার । জুন ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ জুন ২০২৬, ৯:২২ অপরাহ্ন
শেয়ার

মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী


PM-Tareq-Rahman

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং তিনি বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করার নীতিগত নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্দেশে প্রস্তাবটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়। নির্দেশনায় প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন হলে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করা যেতে পারে, তবে পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রয়োজন নেই।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালাহ শিবলী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছিল।

তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি নাকচ করে দেন এবং নীতিগতভাবে জানান, বিদ্যমান প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান নামেই পরিচালিত হবে। ভবিষ্যতে নতুন কোনো প্রতিষ্ঠান স্থাপিত হলে সেখানে প্রস্তাবিত নাম বিবেচনা করা যেতে পারে।

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন পরিচালিত একটি সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেখানে যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়।