
রাজধানীর পল্লবীতে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি একাই বসবাস করছিলেন, আর তার স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় থাকেন।
বুধবার সকালে পল্লবীর সেকশন-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ২৬ মে রাতে স্বজনদের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১২ বছর ধরে পৈতৃক সূত্রে পাওয়া ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন সেলিনা আফরোজ। একসময় তিনি পরিবারের সঙ্গে কানাডায় থাকলেও পারিবারিক বিরোধের কারণে দেশে ফিরে আসেন এবং একাকী জীবনযাপন শুরু করেন।
পল্লবী থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, সম্প্রতি পল্লবীতেই আরেক প্রবীণ নারীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনা আলোচনায় আসে, যা রাজধানীতে একাকী বসবাসকারী বয়স্ক মানুষের নিরাপত্তা ও খোঁজখবরের বিষয়টি নতুন করে সামনে এনেছে।













































