
ফাইল ছবি
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের হাম নিশ্চিত হয়েছিল, আর বাকি তিনজন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন এবং সন্দেহজনক হামের কারণে প্রাণ হারিয়েছে ৫১৪ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৬ জন শিশু সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ৭৫ হাজার ৭০৮ জনে পৌঁছেছে।
অন্যদিকে, গত একদিনে ৬৯ জন শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬১ হাজার ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ১৪২ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।











































