শুক্রবার । জুন ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ জুন ২০২৬, ৮:০০ অপরাহ্ন
শেয়ার

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা


Police

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তাঁদের যোগদানপত্র দাখিল করবেন।

পদোন্নতিপ্রাপ্ত ৫ কর্মকর্তা হলেন— সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই-এর পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

এদিকে, পৃথক আরেকটি সরকারি সিদ্ধান্তে দেশের তিন জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, সিরাজগঞ্জ জেলা পরিষদে মো. সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গায় মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে মো. হাবিবুল ইসলাম হাবিব প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত ব্যক্তিরা সংশ্লিষ্ট পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত এই প্রশাসকরা আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন এবং বিধি অনুযায়ী তাঁদের বেতন-ভাতা প্রাপ্য হবেন।