শনিবার । জুন ৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৬ জুন ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের


bangladesh-women-team

ছবি- সংগৃহীত

সুযোগ ছিল টানা তৃতীয় শিরোপা জিতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিকের স্বাদ নেওয়ার। সেই লক্ষ্যেই লড়ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। কিন্তু শেষ পর্যন্ত পারলো না সাবিনা-ঋতুপর্ণারা। ফাইনালে শক্তিশালী ভারতের কাছে ৩-১ ব্যবধানে হেরে শেষ হয়েছে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন।

ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মেগা ফাইনালের প্রথমার্ধে ১-১ গোলে সমতা থাকলেও, বিরতির পর স্বাগতিক ভারত আরও দুটি গোল দিলে রানার্সআপ হয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

শিরোপা নির্ধারণী এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই সতর্ক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই অবশ্য গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। খেলার ১২ মিনিটে বাম দিক থেকে তহুরার চমৎকার পাস বক্সের ভেতরে পেয়েও তা জালে জড়াতে ব্যর্থ হন শামসুন্নাহার জুনিয়র। এরপর আরও কয়েকটি সুযোগ হাতছাড়া করার বড় মাশুল দিতে হয় বাংলাদেশকে।

খেলার ৩০ মিনিটের পর থেকে ভারত ধীরে ধীরে ম্যাচ নিয়ন্ত্রণে নিতে শুরু করে। ৩৮ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার একটি নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেও ৪২ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। ভারতের গোছানো এক পাল্টা আক্রমণে পিয়ারি জাজা বক্সের সামনে ফাঁকা জায়গায় বল পেয়ে নিখুঁত শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

তবে গোল হজম করে দমে যায়নি বাংলাদেশ। বিরতির ঠিক আগ মুহূর্তে (৪৬ মিনিটে) তহুরার লম্বা পাস ধরে বক্সের ভেতর থেকে দারুণ এক আড়াআড়ি শটে গোল করেন ঋতুপর্ণা চাকমা। ফলে ১-১ সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করে দুই দল।

ম্যাচের দ্বিতীয় অর্ধের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ ডিফেন্স। বিরতি থেকে ফেরার প্রথম মিনিটেই বাম দিক থেকে আক্রমণে উঠে আসে ভারত। পিয়ারির দুর্দান্ত এক ক্রস থেকে হেডের মাধ্যমে গোল করে বসেন সানফিদা। এতে ম্যাচ জুড়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় বাংলাদেশ। ৫১ মিনিটে কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড এবং ৫৭ মিনিটে তহুরার দূরপাল্লার শট ভারতীয় গোলরক্ষক গোললাইন থেকে ক্লিয়ার করলে গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

ম্যাচের ৮২ মিনিটে ভারতের ফুটবলাররা বাংলাদেশের জালে আরও একটি বল পাঠালে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে পিটার বাটলারের শিষ্যরা। শেষ বাঁশি বাজার পর ৩-১ স্কোরের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা, আর তাতেই ভেঙে যায় বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন।

এই হারের মাধ্যমে দ্বিতীয়বারের মতো নারী সাফের ফাইনালে ভারতের কাছে হারের চরম হতাশা নিয়ে রানার্সআপ ট্রফি বুকে জড়িয়ে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ নারী ফুটবল দল।