রবিবার । জুন ৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ জুন ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন
শেয়ার

ইসরায়েলি গুপ্তচরবৃত্তি নিয়ে পেন্টাগনের উদ্বেগ


Trump-Netaniahu

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিকে ঘিরে ওয়াশিংটন-তেলআবিবের মধ্যে মতপার্থক্য বাড়ার প্রেক্ষাপটে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার হুমকির মাত্রা ‘ক্রিটিক্যাল’ বা সংকটজনক পর্যায়ে উন্নীত করেছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ)।

মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও নীতিগত আলোচনা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা নিয়ে উদ্বেগ থেকেই এ সতর্কতা জারি করা হয়েছে। ডিআইএর এক অভ্যন্তরীণ প্রতিবেদনে মানবসূত্র ও প্রযুক্তিগত উপায়ে তথ্য সংগ্রহে ইসরায়েলের সক্ষমতাকে সর্বোচ্চ ঝুঁকির পর্যায়ে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইসরায়েল। ওয়াশিংটনে দেশটির দূতাবাসের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির দাবি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একইসঙ্গে হোয়াইট হাউসও প্রতিবেদনের তথ্যকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, ইরান ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বাড়তে থাকা মতবিরোধের মধ্যেই এ বিষয়টি সামনে এসেছে, যা দুই মিত্র দেশের পারস্পরিক আস্থার সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করেছে।

সূত্র: এনবিসি নিউজ