
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেb আদালত।
সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকা সিএমএম আদালতের বিচারক মামলাটি খারিজের আদেশ দেন।
এর আগে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আবেদনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্টদের অবহেলার কারণে দেশে হামে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
মামলার আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের পাশাপাশি আরও তিনজনকে আসামি করা হয়। তারা হলেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
বাদীপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন লস্কর জানান, মামলাটি ৪২০, ৪০৮, ৩০৪ ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছিল। তবে আদালত ৪০৯ ধারা (দুর্নীতি দমন কমিশন-সম্পর্কিত বিষয়) বিবেচনায় নিয়ে মামলাটি খারিজ করেন।
তিনি আরও বলেন, অন্য ধারাগুলোর অধীনে মামলাটি গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছিল। আদালত পূর্ণাঙ্গ আদেশে বিষয়টি বিস্তারিত উল্লেখ করবেন বলে জানিয়েছেন। আদেশ হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ, বিশেষ করে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই আদেশের ফলে মামলাটি আপাতত বিচারিক কার্যক্রম থেকে বাদ পড়ল।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস















































