
ইসরায়েলের সঙ্গে একদিনব্যাপী পাল্টাপাল্টি হামলার পর বর্তমান সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’। তবে তেহরান সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি আবার হামলা চালায়, বিশেষ করে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে তার জবাব আগের চেয়ে আরও কঠোর ও শক্তিশালী হবে।
রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় এবং উভয় পক্ষের মধ্যে রাতভর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চলতে থাকে।
এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা ঠেকাতে তারা দক্ষিণ লেবাননে স্থল অভিযান পরিচালনা করছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) উত্তর ইসরায়েলের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল, তারা ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনার একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
একই সময়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানের ‘কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার’ ওপর ব্যাপক আকারের হামলা সম্পন্ন করেছে। অন্যদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইআরজিসি ইসরায়েলের দুটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসরায়েলের আগ্রাসনের দায় থেকে যুক্তরাষ্ট্র নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারে না। তিনি দাবি করেন, আঞ্চলিক উত্তেজনা আরও বাড়লে তার পরিণতি যুক্তরাষ্ট্রকেও বহন করতে হবে।
তবে একই সঙ্গে তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান পুরোপুরি বন্ধ হয়নি। যদিও এই যোগাযোগ ঠিক কখন এবং কীভাবে চলছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান উভয় পক্ষই ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিয়ে আগ্রহ দেখাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতির দ্রুত সমাধান হওয়া উচিত। এর আগে ট্রাম্প উভয় দেশকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।
সাম্প্রতিক এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করলেও ইরানের বর্তমান অভিযান সমাপ্তির ঘোষণাকে উত্তেজনা প্রশমনের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর এবং যেকোনো সময় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।











































