বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ জুন ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
শেয়ার

বাড়ছে করমুক্ত আয়ের সীমা


Budget 26-27

বাড়ছে করমুক্ত আয়ের সীমা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মধ্যবিত্ত ও চাকরিজীবী করদাতাদের জন্য একটি বড় স্বস্তির খবর আসতে যাচ্ছে। ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা বর্তমানের তুলনায় ২৫ হাজার টাকা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। ফলে বিদ্যমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এই সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব আসতে পারে এবারের বাজেটে।

তবে কেবল আগামী একটি অর্থবছরের জন্যই নয়, করদাতারা যাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারেন, সেজন্য আগামী পাঁচ বছরের একটি ধারাবাহিক রূপরেখাও এবার বাজেটে অন্তর্ভুক্ত করা হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ এই দুই অর্থবছরে করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা থাকবে ৩ লাখ ৭৫ হাজার টাকা। এরপর ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থবছরে তা বাড়িয়ে করা হবে ৪ লাখ টাকা। আর ২০৩০-৩১ অর্থবছরে সাধারণ করদাতাদের জন্য এই সুবিধা আরও বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের।

সাধারণ করদাতাদের পাশাপাশি বিশেষ ক্যাটাগরির করদাতাদের ক্ষেত্রেও এই করমুক্ত সীমার পরিধি বাড়ানোর বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নারী এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতাদের জন্য আগামী দুই অর্থবছর (২০২৬-২৭ ও ২০২৭-২৮) করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুই বছর তা সাড়ে ৪ লাখ এবং ২০৩০-৩১ অর্থবছরে ৫ লাখ টাকা করার দীর্ঘমেয়াদী প্রস্তাব রাখা হতে পারে।

kormukto

সমাজ ও রাষ্ট্রের অন্যান্য সম্মানিত নাগরিকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে এবারের কর কাঠামোতে। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আগামী দুই অর্থবছরে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করা হতে পারে, যা ২০৩০-৩১ অর্থবছর নাগাদ ধাপে ধাপে ৫ লাখ ৭৫ হাজার টাকায় গিয়ে ঠেকবে।

এছাড়া দেশের বীর সন্তান অর্থাৎ গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গণঅভ্যুত্থানের গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে এই সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা করার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে তাঁদের এই করমুক্ত আয়ের সুবিধা সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত করার কথা ভাবছে সংশ্লিষ্ট সূত্র।