
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষক কার্ড কর্মসূচির জন্য ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার। এই কর্মসূচির আওতায় দেশের ১০০টি উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে।
কার্ডধারী ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি এই অর্থ তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সরকারের মতে, কৃষিকে জাতীয় সমৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করা তাদের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। কৃষিখাতে কাঠামোগত পরিবর্তন আনা এবং তৃণমূল পর্যায়ের উপকারভোগীদের কাছে ১০টি মৌলিক সেবা সরাসরি পৌঁছে দিতে চলতি বাংলা নববর্ষের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়।
এদিকে আগামী অর্থবছরে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হতে পারে। যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৬৩ শতাংশ। এর আগের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা, যা জিডিপির ০.৬১ শতাংশ।









































