বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ জুন ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
শেয়ার

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসি বরাদ্দ পেল ৪ হাজার ৪০০ কোটি টাকা


Election Commission

ফাইল ছবি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যয় মেটাতেই এই বরাদ্দের বড় অংশ ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বরাদ্দের প্রস্তাব দেন। এর মধ্যে পরিচালন ব্যয়ের জন্য ৩ হাজার ৬৪৩ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৭৫৭ কোটি টাকা রাখা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য এর আগে ইসি সরকারের কাছে ৫ হাজার ৫০০ কোটি টাকা চেয়েছিল। তবে প্রস্তাবিত বাজেটে চাহিদার তুলনায় ১ হাজার ১০০ কোটি টাকা কম বরাদ্দ রাখা হয়েছে।

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য প্রাথমিক বরাদ্দ ছিল ২ হাজার ৯৫৬ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে ৪ হাজার ৩৪৬ কোটিতে পৌঁছায়। এবার প্রাথমিক বরাদ্দ গত বছরের তুলনায় ১ হাজার ৪৪৫ কোটি টাকা বা প্রায় ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে। বর্তমানে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের হাজারো পদে নির্বাচন আয়োজনের প্রয়োজন রয়েছে। এসব নির্বাচন পরিচালনার ব্যয় বিবেচনায় রেখেই বরাদ্দ বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে বিদায়ী অর্থবছরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বরাদ্দকৃত ৩ হাজার ১৫০ কোটি টাকার মধ্যে ২ হাজার ২৫৬ কোটি টাকা ব্যয় হয়েছে। অর্থবছর শেষে অব্যবহৃত ৮৯৪ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, প্রস্তাবিত বাজেট মূলত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট। বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কমিশন কাজ করবে।