সোমবার । জুন ১৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৪ জুন ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
শেয়ার

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা


BD vs netherlands

ছবি: বিসিবি

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন কাঙ্খিত জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

রোববার (১৪ জুন) বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে নেদারল্যান্ডসের ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে ডাচরা।

দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক বাবাতে ডি লিড। ৪৫ বলের ইনিংসে তিনি মারেন ৫টি চার। এছাড়া অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় বড় সংগ্রহ গড়তে পারেনি নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ২টি উইকেট শিকার করেন। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মনি নেন একটি করে উইকেট।

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার প্রথম উইকেটে ৬৭ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত্তি তৈরি করেন।

জুয়াইরিয়া মাত্র ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। অন্যদিকে দিলারা আক্তার করেন ২৩ বলে ২৬ রান।

তবে জুয়াইরিয়ার বিদায়ের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শূন্য রানে এবং সোহানা মোস্তারি ৪ রান করে ফিরে গেলে ম্যাচে কিছুটা উত্তেজনা তৈরি হয়।

কিন্তু এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শারমিন ৩৭ ও স্বর্ণা ১৭ রানে অপরাজিত থেকে দলকে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে দেন।

নেদারল্যান্ডসের হয়ে ক্যারোলিন ডি ল্যাঞ্জ ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখিয়ে আত্মবিশ্বাসী জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টে শুভ সূচনা হলো টাইগ্রেসদের।