
ফাইল ছবি
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৪৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩২০ জন হাজি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) হজ বুলেটিন থেকে জানা যায়, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে বাংলাদেশ সময় ১৮ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬৫ হাজার ৮৮৮ জনকে এবং আইটি হেল্প ডেস্ক, মক্কা ও মদিনায় ২৮ হাজার ১৬৭ জন হাজিকে সেবা প্রদান করেছে।
এদিক্বে হজ পালন করতে গিয়ে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারীসহ মোট ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।














































