
২০২৬ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষ হতেই জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলোর মধ্যে কয়েকটি হাইভোল্টেজ লড়াইয়ের দিকে ফুটবলপ্রেমীদের নজরেআছে। ১৮ থেকে ২৩ জুনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচটি ম্যাচকে ‘অবশ্যই দেখার মতো’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া
গ্রুপ ‘এ’ | ১৯ জুন | গুয়াদালাহারা স্টেডিয়াম
প্রথম ম্যাচে জয় পাওয়া মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া এবার মুখোমুখি হচ্ছে গ্রুপ সেরার লড়াইয়ে। ২০১৮ বিশ্বকাপ থেকে দুই দেশের সমর্থকদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব এবার মাঠের লড়াইয়ে রূপ নেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের সমর্থকদের একসঙ্গে উদযাপনের দৃশ্য ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।
নেদারল্যান্ডস বনাম সুইডেন
গ্রুপ ‘এফ’ | ২০ জুন | হিউস্টন স্টেডিয়াম
জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর চাপে রয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণ আত্মবিশ্বাসে আছে সুইডেন। আলেকজান্ডার ইসাক ও ভিক্টর জিওকেরেসের আক্রমণভাগের সামনে ডাচ রক্ষণভাগ কতটা টিকে থাকতে পারে, সেটিই হবে বড় প্রশ্ন।
জার্মানি বনাম আইভরি কোস্ট
গ্রুপ ‘ই’ | ২০ জুন | টরন্টো স্টেডিয়াম
প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে দুর্দান্ত সূচনা করেছে জার্মানি। তবে দ্বিতীয় ম্যাচে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়ে ভরা আইভরি কোস্টও জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। গ্রুপের শীর্ষ দুই দলের এই লড়াই হতে পারে অন্যতম আকর্ষণীয় ম্যাচ।
স্পেন বনাম সৌদি আরব
গ্রুপ ‘এইচ’ | ২১ জুন | আটলান্টা স্টেডিয়াম
বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে চাপে পড়ে গেছে। অন্যদিকে উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে আত্মবিশ্বাসী সৌদি আরব। ফলে স্পেনের জন্য এই ম্যাচ অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই।
নরওয়ে বনাম সেনেগাল
গ্রুপ ‘আই’ | ২২ জুন | নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম
আর্লিং হালান্ডের জোড়া গোলে ইরাককে ৪-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে নরওয়ে। অন্যদিকে ফ্রান্সের কাছে হেরে পয়েন্টশূন্য রয়েছে সেনেগাল। তাই আফ্রিকার প্রতিনিধিদের জন্য এটি বাঁচা-মরার ম্যাচ। হালান্ডকে থামানোর পাশাপাশি আক্রমণভাগেও উন্নতি করতে হবে সেনেগালকে।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচগুলো শুধু গ্রুপের অবস্থানই বদলে দিতে পারে না, বরং শেষ ষোলোতে ওঠার সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। তাই ফুটবলপ্রেমীদের জন্য সামনে অপেক্ষা করছে কয়েকটি দারুণ রোমাঞ্চকর লড়াই।













































